গ্রাহকসেবাকে আরও দ্রুত, সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির বোদা সাব-জোনাল অফিসের আওতাধীন বহুল কাঙ্ক্ষিত ‘পাঁচপীর অভিযোগ কেন্দ্র’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে সম্প্রতি এক জমকালো ও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ অভিযোগ কেন্দ্রের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত এ অভিযোগ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ, এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো জনগণের দ্বারে দ্বারে মৌলিক ও নাগরিক সুবিধাসমূহ পৌঁছে দেওয়া। নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা প্রদান আধুনিক জীবনযাত্রার অন্যতম প্রধান শর্ত। এই নতুন অভিযোগ কেন্দ্র চালুর ফলে পাঁচপীর ও আশেপাশের এলাকার বিদ্যুৎ গ্রাহকগণ বিদ্যুতের যেকোনো সমস্যায় দ্রুত সেবা পাবেন এবং তাঁদের ভোগান্তি বহুলাংশে কমে আসবে।
তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে টেকসই করতে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গ্রাহকসেবার মান বৃদ্ধিতে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ বিদ্যুৎ গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাঁচপীর অভিযোগ কেন্দ্রটি চালু হওয়ার ফলে স্থানীয় এলাকাবাসীকে বিদ্যুৎ সংক্রান্ত নানা অভিযোগ বা সমস্যা সমাধানের জন্য এখন আর দূরবর্তী বোদা সাব-জোনাল অফিসে ছুটতে হবে না। ঘরের কাছেই দ্রুততম সময়ে বিদ্যুৎ সেবা পুনর্স্থাপন ও জরুরি কারিগরি সহায়তা পাবেন উক্ত এলাকার বাসিন্দারা। স্থানীয় জনগণ এই যুগান্তকারী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাননীয় প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।