বগুড়ার ধুনট উপজেলার ৯নং মথুরাপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের বেহাল দশা। মথুরাপুরের বগা জোলাগাতি কুড়িগাঁতী থেকে কাঁদেরের বাড়ি মোড় পর্যন্ত রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, প্রতিদিন হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছবিতে যে করুণ চিত্র ফুটে উঠেছে, বাস্তবে তার চেয়েও ভয়াবহ। পুরো রাস্তা জুড়ে বড় বড় গর্ত, কাদা আর ভাঙাচোরা। একটু বৃষ্টি হলেই এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। শুকনো মৌসুমে ধুলা আর বর্ষায় হাঁটু সমান কাদায় পরিণত হয় এটি।
স্থানীয়দের অভিযোগ, এই একটি রাস্তা দিয়েই প্রতিদিন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী, কৃষক, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা চলাচল করেন। কৃষকরা তাদের উৎপাদিত ধান, সবজি বাজারে নিতে পারেন না। অসুস্থ রোগীকে ভ্যানে করে হাসপাতালে নেওয়াও কষ্টসাধ্য হয়ে পড়েছে।
একজন পথচারী বলেন, এই রাস্তা দিয়ে আমাদের ছেলে-মেয়েরা স্কুলে যায়। বর্ষাকালে পা পিছলে পড়ে বই-খাতা নষ্ট হয়। আমরা হাজার হাজার মানুষ এই কষ্ট নিয়ে বসবাস করছি। কেউ আমাদের কথা শোনে না।
আরেকজন কৃষক বলেন, দুই পাশে ফসলের জমি, মাঝখানে এই মরা রাস্তা। আমরা ধান কেটে বাড়ি আনতে পারি না। সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, রাস্তাটা পাকা করে দিন।
এমতাবস্থায় এলাকাবাসীর পক্ষ থেকে ধুনট-শেরপুর আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ মহোদয়ের কাছে আকুল আবেদন জানানো হয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, জনবান্ধব নেতা হিসেবে পরিচিত এমপি গোলাম মোঃ সিরাজ অতিদ্রুত এই অবহেলিত রাস্তাটি পরিদর্শন করে পাকা বা ইট সোলিং করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং মথুরাপুর ইউনিয়নের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করবেন।