যশোরের শার্শায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ হাজার ৪৫০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) শার্শা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এর আগে শনিবার (১০ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটে উপজেলার আমলাই পাড়ইপাড়া গ্রামের অর্জুনের বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আমলাই মাঝেরপাড়ার মোঃ লাভলু রহমান (৩৫), পিতা ওয়াহেদ আলী এবং একই গ্রামের পাড়ইপাড়ার সমেস হালদার (৪৪), পিতা তনু হালদার।

পুলিশ জানায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) সুজন মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে ২০ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করা হয়েছে। পরে রোববার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। শার্শাকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।”

পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।