ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজ তরুণী শারমিন আক্তারকে উদ্ধারের দাবিতে জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ। ঘটনার ১৮ দিন পেরিয়ে গেলেও তাঁর সন্ধান না মেলায় উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার বামুনিয়া গ্রামে শারমিন আক্তারকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে রওমিক চন্দ্র সিংহ নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শারমিনের বাবা বালিয়াডাঙ্গী থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার পর ১৮ দিন অতিবাহিত হলেও শারমিনের সন্ধান না পাওয়ায় উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। মেয়েকে ফিরে পেতে তাঁরা প্রশাসনের সহযোগিতার অপেক্ষায় রয়েছেন।
এ অবস্থায় হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঠাকুরগাঁও জেলা শাখার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা নিখোঁজ তরুণীকে দ্রুত খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সাক্ষাৎকালে পুলিশ সুপার শারমিনকে উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানোর আশ্বাস দেন। দ্রুততম সময়ের মধ্যে তাঁকে উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
শারমিনের সন্ধান পেতে এখন প্রশাসনের কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন তাঁর স্বজনেরা।