​বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ‘শীতকালীন সবজি বীজের জীবাণু সনাক্তকরণ, দমন ও সংরক্ষণ’ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ টা থেকে প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণে বাকৃবির আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ২০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করে​ন।

উক্ত প্রশিক্ষণে পাঁচজন রিসোর্স পারসন কতৃক শীতকালীন সবজি বীজের বিভিন্ন রোগ ও জীবাণু শনাক্ত করা, তা দমন করার সঠিক উপায় এবং আধুনিক পদ্ধতিতে বীজ সংরক্ষণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এর আগে সকাল সাড়ে নয়টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাশেম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. ইসলাম হামিম প্রমুখ।

সীড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এসময় প্রশিক্ষণ কোর্স নিয়ে সংক্ষিপ্ত ধারণা প্রদান করেন সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মাহমুদুল হাসান চৌধুরী।

এসময় অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান বলেন, যে শীতকালীন সবজি চাষে বীজের জীবাণু সনাক্তকরণ ও তা সঠিক উপায়ে দমন ও সংরক্ষণ কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যেহেতু চাষাবাদ করেন, তাই আপনাদের জন্য আজকের প্রশিক্ষণ অত্যন্ত ফলপ্রসূ হবে। একটি বীজে নানাবিধ দিক রয়েছ, তবে সবকিছুর সমাধান আছে। তাই জানার চেষ্টা করতে হবে। এখানে যারা প্রশিক্ষণ প্রদান করবেন তারা অত্যন্ত অভিজ্ঞ, সুতরাং নিঃসন্দেহে এটি কৃষকদের উপকারে আসবে।

তিনি আরও বলেন, কৃষি ক্ষেত্রে বীজ এটা বিশাল ব্যবসার একটা জায়গা এবং আপনারা নিজেরাই হয়তো এই প্রশিক্ষণ সম্পন্ন করে একদিন একটা বীজের ছোটখাটো ব্যবসা শুরু করাতে পারবেন।