রংপুরের গঙ্গাচড়া শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়’৯৬ পরিদর্শন করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। এ সময় বিদ্যালয়ের শিক্ষার মানের প্রশংসা করেন তিনি। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নের হাজীপাড়া এলাকায় অবস্থিত বিদ্যালয়টি পরিদর্শন করেন তিনি। এ সময় বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, অবকাঠামো ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন সংসদ সদস্য।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ১৩৯ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে বিদ্যালয়টিতে এখনো উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়নি। টিনের বেড়ায় ঘেরা শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলছে। পাশাপাশি রয়েছে আধুনিক স্যানিটেশন ব্যবস্থার অভাব। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

পরিদর্শনকালে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোছা. ছাদিয়া আক্তার বিদ্যালয়ের সমস্যার কথা তুলে ধরে। সে বলে, ‘এমপি মহোদয় এসেছেন, খুব আনন্দ লাগছে। অন্য প্রাথমিক বিদ্যালয়গুলোর ভবন সুন্দর, আর আমাদের বিদ্যালয়ে টিনের বেড়া। এমপি মহোদয় যদি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতেন, তাহলে আমাদের পড়ার পরিবেশ আরও উন্নত হতো।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোকাররমা খাতুন বলেন, ‘আমাদের বিদ্যালয়টি ট্রাস্টের অধীনে হওয়ায় অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এখানে প্রান্তিক পর্যায়ের শিশুরা পড়াশোনা করে। পর্যাপ্ত অবকাঠামো ও আধুনিক স্যানিটেশন ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের পাঠদানে অসুবিধা হয়।’

বিদ্যালয়ের শিক্ষার মানের প্রশংসা করে সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, ‘প্রতিষ্ঠানটির পড়াশোনার মান অনেক ভালো। অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা গেলে বিদ্যালয়টি একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠানের রূপ পাবে।’

তিনি আরও বলেন, ‘আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা নায়েবে আমির তাজ উদ্দিন ও জামায়াত নেতা দুলাল প্রমুখ।