সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটকদের ভ্রমণে প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন করেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয়রা। বুধবার (১৪ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচি থেকে সাজেকে পর্যটন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং পর্যটকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার দাবি জানানো হয়।
এদিকে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৪৮ ঘণ্টা পার না হতেই সাজেকে আবারও অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। সংগঠন দুটির যৌথ বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে এ অবরোধ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
বিবৃতিতে জানানো হয়, গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালনের পর প্রশাসনের আশ্বাসে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো পূরণ না হওয়ায় পুনরায় অনির্দিষ্টকালের অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাজেকের চলমান পরিস্থিতি ও পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে পর্যটন খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ী, পরিবহনশ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। দীর্ঘদিন পর্যটন কার্যক্রম বন্ধ বা সীমিত থাকলে এ অঞ্চলের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক করা এবং চলমান সংকটের স্থায়ী সমাধানে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন।
অন্যদিকে, নতুন করে সড়ক অবরোধের ঘোষণায় সাজেকে পর্যটকদের যাতায়াত, পণ্য পরিবহন ও স্থানীয় জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে পর্যটক, ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনার মাধ্যমে দ্রুত পরিস্থিতির সমাধান হবে এবং সাজেকে পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও স্বাভাবিক পর্যটন কার্যক্রম নিশ্চিত করা সম্ভব হবে।