নেত্রকোনার কলমাকান্দায় বিভিন্ন ছড়া ও নদী থেকে ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ছয়জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গত বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার বিষমপুর ও তিলকপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান আসিফ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ছড়া ও নদী থেকে দীর্ঘদিন ধরে ইজারা ছাড়াই একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ, তীরবর্তী পরিবেশ ও স্থানীয় প্রতিবেশব্যবস্থা হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বিষমপুর ও তিলকপুর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত ছয়জনকে হাতেনাতে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান আসিফ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনস্বার্থে এবং নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে কলমাকান্দা থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে। দণ্ডপ্রাপ্তদের রাতেই পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।