সরকারি স্থাপনার ছাদ ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে ফরিদপুর জেলা পরিষদ। জেলা পরিষদের দুটি স্থাপনার ছাদে মোট ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ ‘নেট মিটারিং’ পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। বাংলাদেশে জেলা পরিষদ পর্যায়ের কোনো স্থাপনায় এটি একটি অনন্য ও প্রশংসনীয় উদ্যোগ।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এ উপলক্ষে ফরিদপুর জেলা পরিষদ এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো-১) ফরিদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।
জেলা পরিষদের প্রকৌশল শাখার ভবনের ছাদে ৪০ কিলোওয়াট এবং সদর ভিআইপি ডাকবাংলোর ছাদে ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হয়েছে। মোট ৬০ কিলোওয়াট ক্ষমতার এই প্ল্যান্টটি বাস্তবায়ন করেছে বিদ্যুৎ বিতরণ বিভাগের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ‘মার্শ পাওয়ার টেকনোলজি লিমিটেড’। চুক্তির শর্তানুযায়ী, প্রতিষ্ঠানটি আগামী ২০ বছর এই প্ল্যান্টগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণের সার্বিক দায়িত্ব পালন করবে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১টার সময় উদ্বোধনী অনুষ্ঠান ও চুক্তি স্বাক্ষর পর্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ফরিদপুর জেলা পরিষদ প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা, মো. বাকাহীদ হোসেন, ফরিদপুর পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, স্থানীয়
সরকার উপ-পরিচালক ও ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, ফরিদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম,
ওজোপাডিকো-১ এর নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দেবনাথ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শেখ শহীদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।