যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও কয়েকটি সরকারি দপ্তরের পাঁচ কর্মীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে বিশেষ গোয়েন্দা সংস্থা (এসআরবি)।

শুক্রবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় এসআরবি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—এনবিআরের অফিস সহায়ক নূর মোহাম্মদ ও কম্পিউটার অপারেটর জাহাঙ্গীর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক আসাদ, পরিবেশ অধিদপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর রুবেল এবং বেসরকারি চাকরিজীবী এস এম ইমদাদুল ইসলাম এমদাদ, মফিজুর ওরফে রাফি ও হাসিনুর রহমান সুজন।

এসআরবি জানায়, গত ১০ অক্টোবর ভোরে এনবিআরের অফিস সহায়ক নূর মোহাম্মদের কাছে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র আসে। পরে তিনি চক্রের অন্য সদস্যদের কাছে প্রশ্নপত্রটি সরবরাহ করেন। পরীক্ষা শুরুর আগেই অন্য এক ব্যক্তির কাছ থেকে নূর মোহামদ প্রশ্নপত্রটি পেয়েছিলেন বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটির ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা প্রায় পাঁচ বছর ধরে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য। তারা চক্রটির প্রশ্নফাঁসের দ্বিতীয় ধাপে কাজ করতেন।

এসআরবি আরও জানায়, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নফাঁসের বিষয়টি জানাজানি হলে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে।