ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বাজারকে পরিচ্ছন্ন ও ক্রেতাবান্ধব করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এতে উপজেলা প্রশাসনের পাশাপাশি অংশ নেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, প্রেসক্লাবের আহ্বায়ক, বাজার সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা।

শনিবার সকালে শশীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বনি আমিন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার সমিতির সভাপতি-সম্পাদক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

অভিযানে বাজারের প্রধান সড়ক, ভেতরের গলি, ড্রেন, মাছ বাজার ও কাঁচাবাজারের আশপাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের নিজ নিজ দোকানের সামনের অংশ পরিষ্কার রাখা এবং যত্রতত্র ময়লা না ফেলার বিষয়ে সচেতন করা হয়।

ইউএনও বনি আমিন বলেন, শশীগঞ্জ বাজার তজুমদ্দিন উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে ক্রেতা ও বিক্রেতা উভয়ের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা সম্মিলিতভাবে কাজ করলে বাজারকে একটি মডেল বাজার হিসেবে গড়ে তোলা সম্ভব।

অভিযানে অংশ নেওয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন। ব্যবসায়ীরা জানান, প্রশাসনের এ উদ্যোগে তারা খুশি এবং ভবিষ্যতেও বাজার পরিষ্কার রাখতে সহযোগিতা করবেন।

বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত তদারকি, ব্যবসায়ীদের সচেতনতা ও সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।