নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ত্রিশাল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান ও মতিউর রহমান সেলিম এবং যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরোপ্রধান হোসাইন শাহিদ।
বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর আঘাত। তাঁরা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা। দ্রুত বিচার নিশ্চিত না হলে ময়মনসিংহ বিভাগজুড়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে ত্রিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল করিম বাদল, দুইবারের সাবেক সাধারণ সম্পাদক এইচ.এম জোবাইর হোসাইন, মোহাম্মদ সেলিমসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন লুৎফুজ্জামান আলিফ ফকির। তিনি সাবেক সেনাসদস্য ছিলেন। বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি হিসেবে কর্মরত থাকার পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। ওই পেজে স্থানীয় অন্যায়, দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে লেখালেখি করতেন বলে জানা গেছে।
স্থানীয়দের ধারণা, অনুসন্ধানী সাংবাদিকতার কারণে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন। তবে হত্যার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সাংবাদিকেরা।
~এম.এ.এইচ রাকিবুল ইসলাম
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি