নড়াইলের নড়াগাতীতে ‘ড. রাফি-ড. বেগম মেমোরিয়াল’ জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও চারা বিতরণ করা হয়েছে। অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের আয়োজনে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নড়াগাতী থানার পানিপাড়া এলাকায় রিসোর্ট চত্বরে পুরস্কার বিতরণ ও বিভিন্ন প্রজাতির ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির সভাপতি খবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও শাহবাজ টুরিজমের সিনিয়র কো-অর্ডিনেটর মনিরুল শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টুরস অপারেটরের প্রসিডেন্ড, মোহাম্মদ হানিফ। বিশেষ অতিথি ছিলেন-বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংগঠক অনুপম হোসেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংগঠক এ কে এম শহীদুল আলম, অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদসহ অনেকে।

আয়োজকরা জানান, গত দুইদিনব্যাপী (১৬ ও ১৭ অক্টোবর) অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘ড. রাফি-ড. বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্ট। প্রতিযোগিতায় ক্লাবের ক্ষুদে ও জুনিয়র গলফারদের পাশাপাশি স্থানীয় উদীয়মান গলফাররা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও জীববৈচিত্র্য রক্ষায় অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে ২৫ হাজার গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। প্রথম পর্যায়ে ১২ হাজার গাছের রোপণ ও বিতরণ করা হবে এবং আগামী এক বছরের মধ্যে ১৩ হাজার গাছ রোপণ ও বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।