জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৮০ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ভূমি কর্মকর্তা আদিত্য পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব চন্দ্র সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
সেমিনারে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর সাহিত্য ও সংগীতের মাধ্যমে অন্যায়, অবিচার, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তাঁর সৃষ্টিকর্মে সাম্য, মানবতা, সম্প্রীতি ও অসাম্প্রদায়িকতার যে বার্তা রয়েছে, তা বর্তমান প্রজন্মের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন, সাহিত্যকর্ম ও আদর্শ তুলে ধরতে শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক চর্চা বাড়ানো প্রয়োজন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও সাহিত্য সম্পর্কে আগ্রহী করে তুলবে।
আলোচনা পর্ব শেষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৮০ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকদের প্রত্যাশা, ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবির সাহিত্য ও সংগীতের প্রতি আগ্রহ বাড়াবে। পাশাপাশি সাম্য, মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও সৃজনশীল মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।