খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি বাজারে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে তবলছড়ি ইউনিয়ন বিএনপি ও বাজার পরিচালনা কমিটি।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে যৌথ উদ্যোগে তবলছড়ি বাজারের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তবলছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী লিটন, ইউনিয়ন বিএনপির সদস্য (দপ্তর) এইচ এম হেলাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইব্রাহিম, তবলছড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ইমন চৌধুরী এবং তবলছড়ি বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মুছা মিয়াসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মুছা মিয়া বলেন, “ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাজারের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু বাজার পরিচালনা কমিটির দায়িত্ব নয়; এটি ব্যবসায়ী ও সাধারণ মানুষেরও সম্মিলিত দায়িত্ব। সবাই সচেতন হলে মশার প্রজননস্থল কমানো সম্ভব হবে। এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে আমরা কাজ করব।”
তবলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইব্রাহিম বলেন, “ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। নিজেদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো যায়। এক দিনের অভিযান নয়, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।”
ইউনিয়ন বিএনপির সদস্য (দপ্তর) এইচ এম হেলাল উদ্দিন বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। এ লক্ষ্যেই বাজারের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলা, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রমে আমরা পাশে থাকতে চাই।”
সংশ্লিষ্টরা মনে করেন, নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমাতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠনের সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।