চাঁদপুরের শাহরাস্তির ক্রীড়াঙ্গনে যুক্ত হলো নতুন এক গৌরবময় অধ্যায়। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন শাহরাস্তি ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও শাহরাস্তি প্রিমিয়ার লিগের পরিচালক সাদ্দাম হোসেন মিঠু।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার ও সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শাহরাস্তি ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় তরুণদের ক্রিকেট প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন সাদ্দাম হোসেন মিঠু। তাঁর প্রতিষ্ঠিত একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার ঢাকার বিভিন্ন স্বনামধন্য ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন।
এ ছাড়া তাঁর পরিচালনায় আয়োজিত শাহরাস্তি প্রিমিয়ার লিগ স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই টুর্নামেন্টে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন এবং জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের উপস্থিতি আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে।
শুধু ক্রিকেটের উন্নয়নই নয়, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যেও কাজ করে যাচ্ছেন এই তরুণ ক্রীড়া সংগঠক।
সাদ্দাম হোসেন মিঠুর এমন অর্জনে শাহরাস্তির ক্রীড়াঙ্গনসহ স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।