গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুবকল্যাণ তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন প্রকল্পে বিশেষ ও সাধারণ ক্যাটাগরিতে নোয়াখালীর ৯ টি যুব সংগঠন অনুদানপ্রাপ্তে নির্বাচিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় জেলা ভিডিও কনফারেন্সিং হলে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, সহকারী পরিচালক ও উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হায়দার ভূঁইয়াসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ তরুণ-তরুণীকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়েছে। পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য দেশের ৪৩২টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকা অনুদান দেওয়া হয়।
সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন রাজু ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল বলেন, তরুণদের সামাজিক উদ্যোগকে টেকসই করা, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করাই এ অনুদান কর্মসূচির অন্যতম লক্ষ্য। যুব সংগঠনগুলো আর্থিক সহায়তা পেলে তারা নিজেদের এলাকায় আরও কার্যকরভাবে সামাজিক সমস্যা সমাধান ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারবে।
সুবর্ণচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ খুরশীদ আলম বলেন, সমগ্র উপজেলায় ১২ টি সরকারী নিবন্ধিত যুব সংগঠন রয়েছে। ইতোমধ্যে কিছু সংগঠন অনুদান পেয়েছে। এর মধ্যে মেঘনা যুব সামাজিক সংগঠন ৭৫ হাজার টাকার চেক অনুদান পেয়েছে। জেলা যুব উন্নয়ন কর্মকর্তার সহযোগীতায় পর্যায়ক্রমে অন্যান্য যুব সংগঠনও আমরা অনুদানের আওতাভুক্ত নিয়ে আসবো। আমি সকল নিবন্ধিত যুব সংগঠনের সফলতা ও সহযোগীতা কামনা করি।