শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার কুমারঘাতি এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা।
ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে মাদক পাচার রোধে বিজিবির জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা কুমারঘাতি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা মদ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেন।
এ ঘটনায় তিন মাদক পাচারকারীর বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজীদ বলেন, সীমান্তে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বার্তাপ্রেরক:আল আমিন, শেরপুর।
তারিখ: ১৮ অক্টোবর ২০২৬