সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় সন্দ্বীপে বরণ, মহিলা বিভাগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ন্যায়বিচার, বৈষম্যহীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নারীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামছুন্নাহার বেগম।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় সন্দ্বীপে তাঁর সফর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি সাবিনা ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন পেশাজীবী দায়িত্বশীলা খালেদা ইয়াছমিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি লুৎফুন্নাহার।

প্রধান অতিথির বক্তব্যে শামছুন্নাহার বেগম বলেন, নারীদের শিক্ষা, নৈতিকতা, আত্মমর্যাদা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে তুলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ ও প্রত্যাশাকে সম্মান জানিয়ে ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন এবং পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকা নিশ্চিত করতে শিক্ষা, প্রশিক্ষণ, সচেতনতা ও সামাজিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সন্দ্বীপের নারীদের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে সমাধানে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক উদ্যোগ নিতে হবে।

তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি সামাজিক বৈষম্য দূরীকরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে নারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

নারীদের অধিকার, শিক্ষা ও ক্ষমতায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সমাবেশটি শেষ হয়।