মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের পাঁচকলিয়া ঈদগাহ মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. লোকমান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “লাঠিবাড়ি খেলা আমাদের গ্রামবাংলার ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. ফেরদৌস রহমান, দৌলতপুর সরকারি প্রমোদা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মফিজুল ইসলাম, দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিন আহমেদ সামান, যুবনেতা মাহফুজুর রহমান তারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলাটি দেখতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত দর্শক ভিড় জমান। ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।