গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা নারী (প্রায় ৫৫) নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (১৯ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে কাশিয়ানী উপজেলার ২২ নম্বর চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের ওপর রক্তাক্ত অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানানো হয়।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ি ওই নারীকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে আশপাশের এলাকায় খবর দেওয়া হয়েছে। পাশাপাশি পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক গাড়ি ও চালককে শনাক্ত করতে পুলিশের অভিযান চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।