মানিকগঞ্জের দৌলতপুর কালীবাড়ি সংলগ্ন এলাকার ঘরবিহীন মানসিক ভারসাম্যহীন শম্ভু কর্মকার দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে দিনরাত পার করছিলেন। তার এই করুণ অবস্থা দেখে এগিয়ে এসেছে দৌলতপুরের একঝাঁক মানবিক যুবক।

স্থানীয় যুবকদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবাঘর’ এর উদ্যোগে সামাজিক অনুদানের মাধ্যমে শম্ভু কর্মকারের জন্য তৈরি করে দেওয়া হয়েছে একটি নতুন ঘর।

জানা যায়, শম্ভু কর্মকার দীর্ঘদিন যাবত মানসিকভাবে অসুস্থ এবং তার থাকার কোনো নির্দিষ্ট ঘর ছিল না। কালীবাড়ি এলাকায় রাস্তার পাশেই মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। বিষয়টি নজরে আসে ‘সেবাঘর’ এর সদস্যদের।

সেবাঘরের এক সদস্য বলেন, “আমরা চাই সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো ভালো থাকুক। শম্ভু কাকার কষ্ট দেখে আমরা বসে থাকতে পারিনি। সবার সহযোগিতায় আমরা তার মাথা গোঁজার একটা ঠাঁই করে দিতে পেরেছি, এটাই আমাদের বড় প্রাপ্তি।”

নতুন ঘর পেয়ে খুশি শম্ভু কর্মকার। স্থানীয়রাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এলাকাবাসী মনে করেন, এই ধরনের মানবিক কাজ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।