ভোলা-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ব্যক্তিগত বিশেষ উদ্যোগে ভোলার আলীনগরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এক বিশালাকার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প। প্রত্যন্ত এলাকার অসচ্ছল, অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অনন্য লক্ষ্য নিয়ে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
​আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চশমা ও ওষুধ বিতরণসহ এ চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক শুভ সূচনা হয়। উৎসবমুখর পরিবেশে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে চিকিৎসা কার্যক্রম।
​সকাল থেকেই সেবা নিতে আসা বিভিন্ন বয়সী নারী-পুরুষের ঢল নামে ক্যাম্প প্রাঙ্গণে। বিশেষ করে বৃদ্ধ ও নিম্নআয়ের পথচারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল অত্যন্ত আন্তরিকতার সাথে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা করেন, চোখের ছানি ও জটিল সমস্যার চিকিৎসাসেবা ও পরামর্শ দেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করেন। অর্থাভাবে যারা দীর্ঘদিন ধরে চিকিৎসা নিতে পারছিলেন না, হাতের কাছে বিনামূল্যে এমন পূর্ণাঙ্গ সেবা পেয়ে তাদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।
​উপকারভোগী স্থানীয় একাধিক প্রবীণ ও বাসিন্দা আবেগপ্লুত হয়ে জানান, “আমাদের মতো গ্রামীণ নিম্নআয়ের মানুষের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের এই উদ্যোগ সত্যিই এক আলোর দিশা। চিকিৎসকের কাছে যাওয়া ও ওষুধের যে খরচ, তা বহন করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। এমন মানবিক উদ্যোগে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতাঞ্জলি প্রকাশ করছি।”
​পুরো চিকিৎসা ক্যাম্পটি সুশৃঙ্খলভাবে পরিচালনা, তদারকি ও ব্যবস্থাপনায় সার্বক্ষণিক উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা সাংগঠনিক সম্পাদক নুর নবী, আলীনগর ইউনিয়ন বিজেপির সভাপতি আনসার ফরাজী, সহসভাপতি আবু সুফিয়ান, জেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন শাওন এবং ভোলা জেলা ছাত্রসমাজের যুগ্ম আহ্বায়ক মো. ইংরোজ আলম ট্রিমনসহ স্থানীয় দলীয় ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
​আয়োজক ও দলীয় সূত্রে জানানো হয়, গ্রামীণ অবহেলিত ও দুস্থ মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পক্ষ থেকে ভোলা জেলার প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের সমাজকল্যাণমূলক ও চিকিৎসাসেবা কর্মসূচি অব্যাহত থাকবে।
​ মো: সুলাইমান, ভোলা জেলা প্রতিনিধি
তারিখ: ২০ অক্টোবর, ২০২৬