চট্টগ্রামের বোয়ালখালীতে সড়কের ওপর পড়ে থাকা আনুমানিক ৫৪ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, তা নিয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় আরকান সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে সেটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নিহত ব্যক্তির এক হাত ও মাথায় গভীর জখমের চিহ্ন রয়েছে। তাঁর পরনে লুঙ্গি থাকলেও গায়ে কোনো জামা ছিল না। গলায় একটি মালাও পাওয়া গেছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে বলে জানান তিনি।