ফরিদপুরের চরভদ্রাসন বাজারে অভিযান চালিয়ে সাত পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে বাজারের লালমিয়া বোর্ডিংয়ের সামনে পাকা সড়ক থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রিপন সরদার (৩২) ও মনু মালো (৪০)। তবে তাঁদের পরিচয় ও ঠিকানা সম্পর্কে পাওয়া তথ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। পুলিশের এজাহারে তাঁদের পিতার নাম যথাক্রমে মৃত সামছু সরদার ও মৃত অনিল মালো এবং ঠিকানা চরভদ্রাসন উল্লেখ করা হয়েছে। অন্য একটি সূত্রে তাঁদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দা বাজার এলাকায় বলে জানা গেছে।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চরভদ্রাসন বাজারের লালমিয়া বোর্ডিংয়ের সামনে কয়েকজন ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

এজাহার অনুযায়ী, পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে রিপন সরদারের লুঙ্গির ডান কোচর থেকে পাঁচ পিস এবং মনু মালোর লুঙ্গির বাম কোচর থেকে দুই পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা ট্যাবলেটগুলোর মোট ওজন শূন্য দশমিক সাত গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২ হাজার ১০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একই দিন বিকেল ৩টা ২৫ মিনিটে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা তৈরি করে ট্যাবলেটগুলো জব্দ করা হয়।

পুলিশের এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চরভদ্রাসন থানা এলাকার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

ঘটনার বিষয়ে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম হোসেন খান বাদী হয়ে এজাহার দায়ের করেছেন।