বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ২০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। গত ৮ অক্টোবর নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ। তিনি জানান, ৮ অক্টোবর বাচসাস নির্বাচন পরিচালনা কমিটির সভায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) দ্বিতীয় দফার যৌথসভায় চূড়ান্ত ভোটার তালিকা স্থানান্তর করা হয়েছে। সভায় নির্বাচন কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ বলেন, ‘বর্তমান কার্যনির্বাহী কমিটি যথাসময়ে আমাদের দায়িত্ব হস্তান্তর করেছে। এ জন্য কমিটিকে ধন্যবাদ। আমরা এই কমিটির সহযোগিতায় একটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করব।’
জমজমাট ও উপভোগ্য নির্বাচন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ২০২৪-২৬ মেয়াদের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল। তারা বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকেই মুখিয়ে আছেন। আমরা আশা করছি, সবার অংশগ্রহণে এবারও উৎসবমুখর একটি নির্বাচন হবে।’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাচসাস জানায়, আগামী ২০ নভেম্বর (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
যৌথসভায় আরও উপস্থিত ছিলেন বাচসাসের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, দফতর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, নির্বাহী সদস্য সাজু আহমেদ প্রমুখ।