মেধা ও সৃজনশীলতার স্বীকৃতি দিয়ে শিক্ষার্থীদের আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাতে ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ জন কৃতি শিক্ষার্থীকে দেওয়া হলো বিশেষ শিক্ষা সম্মাননা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ভোলা শহরের সাবেক মন্ত্রী মরহুম মোশারেফ হোসেন শাহজাহানের বাসভবন প্রাঙ্গণে ‘জাতীয় বন্ধুজন পরিষদ, ভোলা’র উদ্যোগে এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজনে ছিল মেধাভিত্তিক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি মেধা ও দূরদর্শিতার প্রশংসা করে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান বলেন, “শিক্ষার্থীরাই আমাদের আগামীর বাংলাদেশের মূল কারিগর। শুধু পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না; বরং সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। মেধার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মনমানসিকতা গড়ে তোলাই শিক্ষার আসল উদ্দেশ্য।”
অনুষ্ঠানের বক্তারা বলেন, এ ধরনের জাতীয় পর্যায়ের শিক্ষা সম্মাননা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে অসাধারণ ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা ও জীবনের লক্ষ্য অর্জনে এই উদ্যোগ বড় ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সমন্বয়ক আসিফ আলতাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
গোলাম নবী আলমগীর — প্রশাসক, ভোলা জেলা পরিষদ ও আহ্বায়ক, জেলা বিএনপি।
আলহাজ মিয়া মোহাম্মদ ইউনুস — প্রধান সম্পাদক, জাতীয় বন্ধুজন পরিষদ।
আলহাজ্ব এম এ আহাদ চৌধুরী তুহিন — সম্পাদক, দৈনিক অমৃতালাক।
মোহাম্মদ মনিরুল ইসলাম — ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ভোলা সদর মডেল থানা।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মিলন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, ভোলা পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকন, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট সাজেদা আক্তার, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল এবং সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেলসহ অনেকে।
আয়োজক সূত্রে জানা যায়, ভোলা পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ১৩৫ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে বাছাই করে এই সম্মাননার ব্যবস্থা করা হয়। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার তাগিদ দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
সম্মাননা বিতরণী পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন।
ভোলা জেলা প্রতিনিধি
মোঃ সুলাইমান
তারিখ : ২২/১০/২০২৬