সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার শাজাহানপুর উপজেলার মো. শাহেদ আহম্মেদ আশিকের (৩২) লাশ অবশেষে নিজ গ্রামে পৌঁছেছে। হামলার ১৩ দিন পর শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটায় একটি অ্যাম্বুলেন্সে করে তাঁর কফিনবন্দী লাশ উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা পূর্বপাড়া গ্রামের বাড়িতে এসে পৌঁছায়।
নিহত আশিক মাদলা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। গত ১০ অক্টোবর সৌদি আরবে হুতি বিদ্রোহীদের ওই হামলায় তিনি প্রাণ হারান।
শুক্রবার দুপুরে কফিনবন্দী লাশ বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। বাবার কফিন ধরে কান্নায় ভেঙে পড়ে নিহতের দুই শিশু সন্তান কাউছার (১১) ও আব্দুল্লাহ (৬)। এ সময় স্বজনদের পাশাপাশি শেষবারের মতো একনজর দেখার জন্য আশপাশের এলাকার হাজারো উৎসুক জনতা নিহতের বাড়িতে ভিড় জমায়।
পরিবার সূত্রে জানা গেছে, আজ আসরের নামাজের পর স্থানীয় সরকারি মাদলা চাচাইতারা যুক্ত উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাইফুর রহমান জানান, “লাশ ফেরত আনার পুরো প্রক্রিয়ার সাথে আমি প্রত্যক্ষভাবে কাজ করেছি। নিহত প্রবাসী পরিবারকে যেন সরকারি নগদ আর্থিক অনুদান দ্রুত পাইয়ে দেওয়া যায়, সে বিষয়ে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমিও জানাজার নামাজে অংশগ্রহণ করব।