উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নে মরহুম বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে খলসী মাঠে অনুষ্ঠিত ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জননেতা এস এ জিন্নাহ কবীরের সহধর্মিণী সমাজসেবিকা শায়লা কবির।

টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে খেলা ০-০ গোলে অমীমাংসিত থাকে। পরে টাইব্রেকারে রৌহা দল বিজয়ী হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি শায়লা কবির বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশ ও মানুষের জন্য কাজ করে গেছেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এবং যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে মুক্ত করে মাঠমুখী করতেই এই আয়োজন। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন-দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম,জেলা আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবউল্লাহ নোমানী সহ খলসী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।