রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মশাল মিছিল করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের বঙ্গলতুলী ইউনিয়নের নেতাকর্মীরা।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৫টার দিকে আয়োজিত এ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তব্য দেন ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সদস্য রত্ন জ্যোতি চাকমা ও লক্ষী চাকমা।

মিছিল থেকে জেএসএসের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ তুলে স্লোগান দেওয়া হয়। পাশাপাশি উজোবাজারে হামলা, নারীর ওপর হামলা, দোকানপাট ভাঙচুর এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গুলিবর্ষণের অভিযোগের প্রতিবাদ জানানো হয়। এসব ঘটনার বিষয়ে প্রশাসনের জবাবদিহি দাবি করেন বিক্ষোভকারীরা।

এ সময় ‘জেএসএস সন্ত্রাসী মদদ দেওয়া চলবে না’, ‘উজোবাজারে হামলা কেন, তারেক তুই জবাব দে’, ‘বোনের ওপর হামলা কেন, তারেক তুই জবাব দে’, ‘যে বাহিনী হামলা করে, সে বাহিনী মানি না’ এবং ‘আমার দোকান ভাঙল কেন, প্রশাসনের জবাব চাই’—এমন বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

এ ছাড়া সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গুলিবর্ষণের অভিযোগের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা তাঁদের দাবির প্রতি সমর্থন জানান।