মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে মৎস্যসম্পদ ধ্বংসকারী ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, মা ইলিশ রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।