নওগাঁর রাণীনগরে জনসাধারণের সহযোগিতা ও থানা পুলিশের সহায়তায় তিনজন মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চুরির ঘটনায় সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জামের অংশবিশেষ জব্দ করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, রাণীনগর উপজেলার কাশিমপুর (বরাইচপাড়া) গ্রামের মোঃ ফেরদৌস সরদার (৩০), পিতা মোঃ জামাল সরদার, প্রতিদিনের মতো তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি শয়নকক্ষে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ২৪ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৬টার দিকে ঘুম থেকে উঠে তিনি মোটরসাইকেলটি নির্ধারিত স্থানে দেখতে পাননি।
পরে ফেরদৌস সরদার তাঁর নিকটাত্মীয়দের সহযোগিতা এবং রাণীনগর থানা পুলিশের সহায়তায় পর্যায়ক্রমে তিনজনকে শনাক্ত করেন। পরবর্তীতে রাণীনগর থানাধীন করজগ্রাম খাঁনপুকুর এলাকার রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এ সময় চুরির ঘটনায় সংশ্লিষ্ট মাইকের বিভিন্ন অংশও জব্দ করা হয় বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে। উপস্থিত লোকজনের সামনে মোটরসাইকেল ও মাইকের ইউনিট জব্দ করা হয়। এ ঘটনায় রাণীনগর থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০/৪১১ ধারায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে।
অপরাধী শনাক্তকরণ ও অপরাধ দমনে জনসাধারণের সহযোগিতা গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।