বগুড়ার ধুনটে গভীর রাতে প্রসববেদনায় কাতর এক প্রসূতির জরুরি চিকিৎসা নিশ্চিত করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন। তাঁর দ্রুত উদ্যোগে স্বাভাবিক প্রসবের মাধ্যমে এক ফুটফুটে নবজাতকের জন্ম হয়েছে। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।
জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে ধুনট উপজেলার বিলচাপড়ি গ্রামের প্রসূতি মোছা. রোকেয়া খাতুন প্রচণ্ড প্রসবব্যথায় আক্রান্ত হন। পরিবারের লোকজন বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেনকে জানান।
খবর পাওয়া মাত্রই তিনি দ্রুত হাসপাতালে চিকিৎসক ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করেন। শুধু ব্যবস্থা করেই থেমে থাকেননি, প্রসব সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি নিজে সার্বক্ষণিক খোঁজখবর রাখেন।
পরে চিকিৎসকদের প্রচেষ্টায় স্বাভাবিক প্রসবের মাধ্যমে নবজাতকের জন্ম হয়। গভীর রাতে এমন জরুরি মুহূর্তে দ্রুত সাড়া দেওয়ায় প্রসূতির পরিবার ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে আসে।
প্রসূতি মোছা. রোকেয়া খাতুনের স্বামী মো. হিতলু সরকার এবং শ্বশুর মো. তসলিম উদ্দিন সরকার। তাদের বাড়ি ধুনট উপজেলার বিলচাপড়ি গ্রামে।
স্থানীয়রা জানান, ডা. ইকবাল হোসেনের এই আন্তরিকতা ও দায়িত্বশীলতায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।