নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে জেলা পুলিশ। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকাল ৯টা থেকে পরিচালিত অভিযানে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪ হাজার ৭০ টাকা উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ সদর থানা পুলিশ ও কিউআর টিম অংশ নেয়।
পুলিশ জানায়, অভিযানের সময় সুইপার কলোনিতে মিন্টু বাঁশফোরের বাসার সামনে থেকে আপেল প্রামাণিক (৬৫) ও মারুফ সরদারকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ছাড়া অপর একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বেডরুমের ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা নাকের ড্রপের ছোট কৌটার ভেতর থেকে আরও ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই স্থান থেকে পলিথিনে মোড়ানো ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় বাবুল দপ্তরি (৬২) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ছয় মাসে নুনিয়াপট্টিতে জেলা পুলিশের অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রায় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, শতাধিক কেজি গাঁজা, এক হাজার লিটারের বেশি চোলাই মদ, দুই লাখ টাকার বেশি নগদ অর্থ এবং কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, নওগাঁ শহরের নুনিয়াপট্টি এলাকায় মাদক প্রতিরোধ ও নির্মূলে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। মাদক ব্যবসা দমনে নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে ধারাবাহিক অভিযান আরও জোরদার করা হবে।