শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের হালচাটি এলাকা থেকে এসব সিরাপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নওকুচি সীমান্ত ফাঁড়ির সদস্যরা হালচাটি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সিরাপভর্তি কার্টন ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেন বিজিবি সদস্যরা।
জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫৮ হাজার ৮০০ টাকা। ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।