সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার খবরের পর মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪৮ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১১৫ ডলার ৩৬ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ ডলার ২২ সেন্ট বা ১ দশমিক ২২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ ডলার ১২ সেন্ট হয়েছে।
মঙ্গলবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। দৈনিক ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল প্রক্রিয়াকরণের সক্ষমতাসম্পন্ন এই স্থাপনাটিতে হামলার বিষয়টি সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।
হামলার দাবির পর মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা নতুন করে জোরালো হয়েছে। বিশেষ করে ইরান ও তাদের মিত্রদের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।
এর আগে মঙ্গলবার মধ্যপ্রাচ্যে কূটনৈতিক আলোচনা এগিয়ে যাওয়ার সম্ভাবনায় সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছিল। ফলে সেদিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ২ ডলার কমে যায়। তবে রাস তানুরা শোধনাগারে হামলার খবর বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।
এদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত সামান্য বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, ২৩ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে দেশটিতে অপরিশোধিত তেলের মজুত প্রায় ১৫ হাজার ব্যারেল বাড়তে পারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পর রাশিয়ার অভ্যন্তরীণ তেল শোধনাগারগুলোতে ডিজেল উৎপাদন বাড়তে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। এর ফলে আগামী মাসে রাশিয়ার বাল্টিক ও কৃষ্ণসাগরীয় বন্দর দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি কমে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যে সংঘাত, সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এবং বৈশ্বিক বাজারের বিভিন্ন সমীকরণে আগামী দিনগুলোতে তেলের দামে আরও ওঠানামা হতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।
সূত্র: রয়টার্স