বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ এবং তাঁর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের দাবিতে ফুঁসে উঠেছেন শিক্ষকেরা। শিক্ষকদের প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে শনিবার ভোলায় বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার দুপুর ১২টায় ভোলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম ভোলা জেলা শাখার উদ্যোগে এ ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়।
​সমাবেশে বক্তব্য দেন বোরহানউদ্দিন উপজেলা শিক্ষক নেতা মাস্টার মো. আব্দুল হাই, দৌলতখান উপজেলা শিক্ষক নেতা মোহাম্মদ শরিফুল ইসলাম, মোহাম্মদ নাজিউর রহমান, শিক্ষক নেতা মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. ওবায়দুল্লাহ, বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম ভোলার সেক্রেটারি মো. ইমরান হোসেন, মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম ভোলা সদর উপজেলার সেক্রেটারি মো. মাসুদুর রহমান, সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আইয়ুব আলী এবং জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আমির হোসেন।
​সমাবেশে বক্তারা বলেন, আগামী ৪ নভেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ জারি, নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবিতে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচির প্রেক্ষাপটে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. সামিউল ইসলাম প্রামাণিকের বিরুদ্ধে শিক্ষকদের হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রতিবাদী পোস্ট দেন।
​বক্তাদের অভিযোগ, পোস্ট দেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় রাত ১১টা ২২ মিনিটে তড়িঘড়ি করে অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও অধিদপ্তরের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হয়। শুধু তা-ই নয়, এর আগে গত ১৫ থেকে ২৮ অক্টোবরের মধ্যে মাত্র ১৫ দিনের ব্যবধানে শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) পরিচালক এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন পরিদর্শক তাঁর শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
​ঘটনার সময়কাল ও প্রশাসনিক এই অস্বাভাবিক দ্রুততার তীব্র সমালোচনা করে শিক্ষক নেতারা বলেন, অধ্যক্ষ আজিজীকে ব্যক্তিগতভাবে হয়রানি করা এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবির আন্দোলনকে নস্যাৎ করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে।
​সমাবেশ থেকে অবিলম্বে অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং ৪ নভেম্বরের আন্দোলন বানচালের ষড়যন্ত্র বন্ধের জোর দাবি জানানো হয়। একই সাথে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনের অবস্থান কর্মসূচিতে সারাদেশের সব শিক্ষক-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে যোগ দেওয়ার আহ্বান জানান নেতারা।
ভোলা জেলা প্রতিনিধি
মো: সুলাইমান