মানিকগঞ্জের দৌলতপুরে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
পরে সেখানে যুব উদ্যোক্তাদের সফলতার গল্প, সরকারের যুব উন্নয়ন কর্মসূচি ও যুবদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস,জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল মতিন মাস্টার, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইসলাম আল হাজীব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাইনুল কবির, কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুল কাদের সিদ্দিকী প্রমুখ।