ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
রোববার (১ নভেম্বর) ভোরে উপজেলার রঙ্গনপাড়া সীমান্ত এলাকায় তেলিখালী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে ভোর সাড়ে ৪টার দিকে রঙ্গনপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কার্টনভর্তি মোবাইল ফোনের ডিসপ্লে ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে ঘটনাস্থল থেকে ডিসপ্লেগুলো উদ্ধার করে জব্দ করেন বিজিবি সদস্যরা।
ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এসব অপরাধ দমনে সীমান্ত এলাকায় অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।