প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আসন্ন খুলনা, বাগেরহাট ও মোংলা সফরকে সর্বাত্মকভাবে সফল করতে প্রস্তুতি সভা করেছে ফকিরহাট উপজেলা বিএনপি। আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় রেণু মার্কেটে দলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আগামী বৃহস্পতিবার, ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর এ সফরের কর্মসূচি রয়েছে। সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর করে তুলতে সভায় বিস্তারিত আলোচনা হয়। আলোচনার মূল বিষয় ছিল সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা এবং সার্বিক প্রস্তুতি গুছিয়ে নেওয়া।
সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকাত হোসেন, নোমান আল মেহেদীসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর এ সফর এ অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। তাই দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবাইকে মিলেমিশে দায়িত্ব পালন করতে হবে, যাতে কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন হয়। তাঁরা নেতাকর্মীদের সফরের দিন সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে অংশগ্রহণের আহ্বান জানান।