খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. ইউসুফের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের চার নেতাকর্মী আহত হয়েছেন। অন্যদিকে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ ছাত্রলীগের দুই সদস্য মো. জিহাদ ও সোহেলকে আটক করেছে বলে জানা গেছে।
তবলছড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মোমিনের অভিযোগ, ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. জিহাদ দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত। এ কারণে ছাত্রদলের নেতাকর্মীরা বেশ কিছুদিন ধরে তার গতিবিধির ওপর নজর রাখছিলেন।
তিনি জানান, আজকে মাদকের আসর থেকে মো. জিহাদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বাধা দেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. ইউসুফ। একপর্যায়ে জিহাদকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে ইউসুফ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় আহতরা হলেন—তবলছড়ি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মী মো. আবদুর রহিম, মো. বাবু ও মো. রনি, মো. মেহেদী হাসান। আহতরা বর্তমানে মাটিরাঙ্গা উপজেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
এদিকে, ঘটনার পর পুলিশ ছাত্রলীগের দুই সদস্য মো. জিহাদ ও সোহেলকে আটক করেছে বলে জানা গেছে।
ছাত্রদল সভাপতি মো. মোমিন আরও দাবি করেন, মো. জিহাদ একটি মামলার আসামি। তিনি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রশাসনিকভাবে আইনানুগ বিচারের দাবি জানান।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রকৃত সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার বক্তব্য গ্রহণ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তবে অভিযুক্ত যুবদল নেতা মো. ইউসুফের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও আটক ও ঘটনার বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।