পঞ্চগড়ের বোদা উপজেলায় সারবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. আয়নাল (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার পাঁচপীর ইউনিয়নের উত্তর কালীবাড়ী হারামজাদা ধামের তিন রাস্তার মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আয়নাল উপজেলার পাঁচপীর ইউনিয়নের হরিনাময়ী পাড়ার বাসিন্দা।পেশায় তিনি ভ্যানচালক ছিলেন

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আয়নাল হারামজাদা ধাম এলাকা থেকে যাত্রী নিয়ে ভ্যানে করে পাঁচপীরের উদ্দেশে রওনা হন। একই সময়ে বোদা থেকে সারবাহী একটি ট্রাক ঝাড়বাড়ীর উদ্দেশে যাচ্ছিল। পথে উত্তর কালীবাড়ী হারামজাদা ধামের তিন রাস্তার মোড়ে পৌঁছালে ভ্যান ও ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক আয়নাল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্ঘটনায় জড়িত সারবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।