বলিউডের পর্দায় অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকার বিপরীতে খলনায়কের চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন মুকেশ ঋষি। এবার সেই বলিউড অভিনেতাকে দেখা যাবে বাংলাদেশি সিনেমায়। প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক। ছবির শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসার কথা রয়েছে এই অভিনেতার।

মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমার নতুন সিনেমা ‘নসিব’-এ খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। এ সিনেমার শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসবেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেতা।’

পরিচালক আরও জানান, ‘নসিব’ সিনেমার প্রথম ধাপের শুটিং ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে। এবার শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের কাজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখন নসিব সিনেমার দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য বগুড়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। সেখানে আগামী ৯ তারিখ থেকে মূল শুটিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে। আর এই সিনেমার শুটিং করতেই চলতি মাসে বাংলাদেশে আসছেন মুকেশ ঋষি।’

বলিউডে খলনায়ক হিসেবে পরিচিতি পেলেও মুকেশ ঋষির অভিনয়জীবন শুধু হিন্দি সিনেমায় সীমাবদ্ধ নয়। তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার সিনেমায় নিয়মিত কাজ করছেন এই অভিনেতা।

অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। সালমান খানের সঙ্গে তাঁর উল্লেখযোগ্য কাজ ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব: প্রাইড অ্যান্ড অনার’। এ ছাড়া আমির খানের ‘সারফারোশ’ সিনেমায় ইন্সপেক্টর সেলিম চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। ‘গুন্ডা’ সিনেমার বুল্লা চরিত্রটিও তাঁকে দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত করেছে। এবার ‘নসিব’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হতে যাচ্ছে এই অভিনেতার।