গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে ৯ম জাতীয় মার্কেটিং দিবস-২০২৬ পালিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—‘মার্কেটিং ইন দ্য এজ অব এআই’।

দিবসটি উপলক্ষে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, “এআই-এর যুগে মার্কেটিং এখন আর শুধু পণ্য বিক্রির কৌশল নয়; বরং এটি ডেটা, প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নতুন মাত্রা পেয়েছে। শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নৈতিক ও সৃজনশীল মার্কেটার হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, মার্কেটিং বিভাগের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম আহসান, মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. হাফিজুর রহমানসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।