নওগাঁর আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে খেজুর গাছের ডাল ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতির চেষ্টার অভিযোগে দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে আত্রাই-রানীনগর-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই থানাধীন মহাদিঘী নামক স্থানে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি খেজুর গাছের ডাল ফেলে রাস্তা অবরোধ করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় পুলিশের টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পালানোর সময় ঘটনাস্থলে একটি দেশীয় লোহার তৈরি ছোরা ফেলে যায়। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মো. বেলাল প্রামানিক (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করে। তিনি মহাদিঘী দক্ষিণপাড়া গ্রামের মৃত কেরামত প্রামানিকের ছেলে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, একটি চক্রের কিছু সদস্য রাতে সড়কের দুই পাশে মাছ ধরার পাশাপাশি সুযোগ বুঝে চলাচলকারী যানবাহন ও মানুষের কাছ থেকে ছিনতাই করে থাকে। গ্রেপ্তার বেলাল প্রামানিকও ওই চক্রের সঙ্গে জড়িত বলে অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
সড়কে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।