মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টেংগার চর ইউনিয়নের বড়ভাটেরচর গ্রামে বিএনপির প্রবীণ নেতা ও তাঁর পরিবারের ওপর হামলার প্রতিবাদে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে বড়ভাটেরচর চার রাস্তার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী পরিবার ও বড়ভাটেরচর গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপির প্রবীণ নেতা জনাব গিয়াস উদ্দিন মেম্বার এবং তাঁর ছোট ভাই আতাউর, সোহেল ও ভাতিজা বাইজিদের ওপর আওয়ামী লীগ দ্বারা পরিচালিত পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাং কর্তৃক হামলা চালানো হয়। এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে মূল আসামিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার এবং কঠোর শাস্তির দাবি জানান।
উক্ত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।