গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত মিজানুর রহমান (৭৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। প্রতিপক্ষের পরিবারের সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত পরিবারের এক সদস্য এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে স্থানীয়দের দাবি।
শুক্রবার (৬ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নাম প্রকাশ না করার শর্তে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের সাতপাড় গ্রামের একাধিক বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জানান, একই গ্রামের মনির মোল্লার ছেলে শুভ মোল্লার সঙ্গে বৃদ্ধ মিজানুর রহমানের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয়দের দাবি, শুভ মোল্লা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ বিরোধের জের ধরে গত বুধবার (৪ নভেম্বর) বিকেলে কথা-কাটাকাটির একপর্যায়ে শুভর পরিবারের সদস্যরা লাঠিসোঁটা নিয়ে মিজানুর রহমানের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে সেখান থেকে ফিরিয়ে এনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে তাকে পুনরায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এ কারণে এখন পর্যন্ত মামলা হয়নি। তবে দাফন সম্পন্ন হওয়ার পর পরিবারের পক্ষ থেকে রাতে মামলা দায়ের করা হতে পারে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।