নোয়াখালীর সুবর্ণচরের সমিতির বাজার এলাকায় অবস্থিত ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনটি পৃথক কেন্দ্রে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির মোট ১০৮৮ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এ পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন পাঠাগারের সদস্য ও উত্তর বাগ্যা সমিতির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হোসেন।
এছাড়া বাইতুস সাইফ ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মাদ্রাসার অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন সিরাজী, আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রধান শিক্ষ মানজুর রহমান এবং জাহাজমারা রেড ক্রিসেন্ট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রধান শিক্ষক গোলাম সারওয়ার। পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল হাসনাত আব্দুল্লাহ। এ সময় পরিচালনা কমিটির সদস্যরাও দায়িত্ব পালন করেন।
পাঠাগার কর্তৃপক্ষ জানায়, গত বছর শুরু হওয়া এ বৃত্তি পরীক্ষায় এবার প্রথমবারের তুলনায় প্রায় দ্বিগুণ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা, মেধা বিকাশ ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির লক্ষ্যেই এ আয়োজন।
পাঠাগারের সদস্যরা জানান, বৃত্তি পরীক্ষার পাশাপাশি শিক্ষাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, বই কিনে দেওয়াসহ বিভিন্ন শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। সদস্যদের নিজস্ব অর্থায়নে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে দাতা ও পৃষ্ঠপোষকদের সহযোগিতা পেলে আরও বৃহৎ পরিসরে শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেরে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে। এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরাও।