বাগেরহাটের ফকিরহাটে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে ফকিরহাট মডেল থানা পুলিশ। পরে রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
​গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— ফকিরহাটের আট্টাকী গ্রামের শেখ সরোয়ার হোসেনের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম জুলফিকার হোসেন (৪৭) এবং মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের মৃত সরদার আব্দুল মালেকের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সরদার আলাউদ্দীন (৬৯)।
​পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর: ০৫, তারিখ: ০৮/০২/২০২৫ খ্রিষ্টাব্দ, জিআর নম্বর: ১৭/২০২৫) গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩০৭/২০৯ ধারা, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইনের ৩/৪/৫ ধারায় অভিযোগ রয়েছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং রবিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের চলমান এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।