র‍্যালি, সমবায়ী সমাবেশ ও আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, সমবায়ী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে সমবায়ীদের অংশগ্রহণে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীনের সভাপতিত্বে সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল সঞ্চালনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা রাকিবুল হাসান।

এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা মহিলা দলের আহ্বায়ক ও ইউপি সদস্য সুলতানা পারভীন, সদস্যসচিব আফরোজা বেগম লতা, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম মন্ডল, সাংবাদিক কামরুজ্জামান এবং বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি শিরীনাজ বেগম প্রমুখ।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা সম্ভব।

তাঁরা আরও বলেন, সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনা করতে হবে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় কার্যক্রম সম্প্রসারণে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।